২৩ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মঙ্গলবার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্ট এলাকার জমিতে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
পরিবেশ সংরক্ষণ এবং অব্যবহৃত সরকারি জমির কার্যকর ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির উদ্বোধন করেছেন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী পাঁচ বছরে রেলওয়ের মালিকানাধীন জমিতে ২৪ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানানো হয়। মঙ্গলবার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্ট এলাকার জমিতে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় নির্মিত অবকাঠামোর আশপাশের অব্যবহৃত জমিকে সবুজায়নের আওতায় আনা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখানে প্রাথমিকভাবে ২৫০টি চারা রোপণ করা হয়েছে, যার মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। পর্যায়ক্রমে একই এলাকায় ১৮ দশমিক ৭০ একর জমিতে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ করা হবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাদের মালিকানাধীন অব্যবহৃত জমিগুলোকে সবুজ বেষ্টনীতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছরের মধ্যে ১ লাখ ৬০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে ২৪ লাখে উন্নীত হবে।
মন্তব্য:০