২৩ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় দিবসটির বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় মন্ত্রী আফরোজা খানম বলেন, বিশ্ব পর্যটন দিবসকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না; বরং এটি দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে ব্যবহার করা হবে। তিনি দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক প্রদর্শনীর আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রতিটি জেলায় একই সময়ে দিবসটি উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দিবসটি উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নির্মিত টেলিভিশন প্রচারচিত্র (টিভিসি) প্রদর্শন করা হবে। পাশাপাশি বিদেশি দূতাবাসের অতিথিদের অংশগ্রহণে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন থাকবে, যেখানে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশৈলী তুলে ধরা হবে। সভায় আরও জানানো হয়, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থার ধারণা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রচারণামূলক কার্যক্রমও জোরদার করা হবে। সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্তব্য:০