২৫ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
ভেনামি চিংড়ি উৎপাদনকে দেশের মৎস্য খাতের নতুন সম্ভাবনাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে এ খাতের বিকাশ ঘটানো গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। কক্সবাজারে কয়েকটি মৎস্য হ্যাচারি ও সরকারি স্থাপনা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ভেনামি চিংড়ির উৎপাদন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এ প্রজাতির চিংড়ির চাহিদা থাকায় বাংলাদেশও এ খাতে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, সরকার মৎস্য খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী করতে কাজ করছে। সেই লক্ষ্যেই ভেনামি চিংড়ি চাষে বিনিয়োগ ও উৎপাদনের সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নীতিগত সহায়তা, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেবে। এতে দেশের উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। পরিদর্শন কর্মসূচিতে মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা হ্যাচারিগুলোর কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য:০