৭ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান।| |ক্রেডিট : ইন্টারনেট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, খাল খনন কর্মসূচি এবং দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে জিয়াউর রহমান মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেতনা জাগিয়ে তুলেছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৮ আসনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে গাজীপুরের শালনায় নিজ হাতে মেহগনির চারা রোপণের মাধ্যমে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত করেন। পরে ১৯৯৪ সালে জাতীয় বৃক্ষমেলার সূচনার মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। তিনি দেশের প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ-যুবক এবং সামাজিক সংগঠনকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন ২৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; এটি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ রক্ষা করা না গেলে মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। তাই ঢাকা-১৮ আসনের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত স্থান ও জনপদে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। কর্মসূচির আওতায় ঢাকা-১৮ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সড়ক এবং উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্তব্য:০