৪ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:উপদেষ্টা জাহিদুর রহমান| |ক্রেডিট : ইন্টারনেট
জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী রয়েছে। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে, সেখানে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে। এরপর একজন অভিযুক্ত হিসেবে দেশের আইন অনুযায়ী যেসব অধিকার প্রাপ্য, সেগুলো নিশ্চিত করা হবে। আদালত বিচার শেষে যে রায় দেবেন, সরকার সেটিই কার্যকর করবে। রায় মৃত্যুদণ্ড বহাল রাখা হোক বা খালাস—সরকার আদালতের সিদ্ধান্ত মেনে চলবে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমের প্রতি সতর্কবার্তা দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা বর্তমানে বহাল রয়েছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ আগাম তার বক্তব্য প্রচারের ঘোষণা দিলে বা আদালতের আদেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সংবাদ সম্মেলন।
মন্তব্য:০