শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৩ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বন্যাকবলিত দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর মানবিক সেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন| |ক্রেডিট : ইন্টারনেট

ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

বন্যাকবলিত হবিগঞ্জের দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, পশু চিকিৎসা এবং ত্রাণ ও রান্না করা খাবার বিতরণের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। রোববার (১৩ জুলাই) বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে এ কর্মসূচি পরিচালনা করা হয়। সারাদিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। মানুষের পাশাপাশি গবাদিপশুর সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয় এ উদ্যোগে। পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত পৃথক মেডিকেল টিম প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে, যা বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত খামারি ও কৃষকদের জন্য স্বস্তি বয়ে আনে। দিনব্যাপী কর্মসূচির সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার। দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া মানুষের কাছে দ্রুত ও নিরাপদ উপায়ে শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রচলিত উপায়ে যেখানে ত্রাণ পৌঁছানো কঠিন, সেখানে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ কার্যকর সমাধান হিসেবে প্রশংসা কুড়িয়েছে। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। কর্মসূচি পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির এই প্রযুক্তিনির্ভর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষ চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছেন। দুর্যোগ মোকাবিলায় এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। তিনি জানান, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কার্যক্রম চলবে এবং বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সূত্র: বিজিবি।





মন্তব্য