২৯ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:বাড়ল স্বর্ণের দাম| |ক্রেডিট : ইন্টারনেট
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের দর কিছুটা দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আসন্ন সুদহার সিদ্ধান্তকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে অপেক্ষা ও সতর্কতা। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০ দশমিক ৬৩ মার্কিন ডলার। অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৩৮ দশমিক ৯০ মার্কিন ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ডলারের দর কিছুটা দুর্বল হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সাধারণত ডলারের মূল্য কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে, যা বাজারে চাহিদা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। তবে বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দামের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি মোকাবিলায় তাদের পরবর্তী নীতিগত অবস্থানের ওপর। এ কারণে বিনিয়োগকারীরা এখন ফেড চেয়ারম্যানের বক্তব্যের দিকে বিশেষ নজর রাখছেন। সুদের হার অপরিবর্তিত থাকবে নাকি ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হবে—এ নিয়ে বাজারে চলছে নানা ধরনের জল্পনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের দুর্বলতা আপাতত স্বর্ণের বাজারকে কিছুটা সহায়তা দিলেও আগামী দিনে ফেডের নীতিগত সিদ্ধান্তই মূল্যবান ধাতুটির দামের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স।
মন্তব্য:০