২১ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে, তাঁর সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। ২৭ বছর বয়সী ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন এবং মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। নিহতের স্বজনদের অভিযোগ, আটক অভিযানের সময় তাঁকে মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাঁদের দাবি, এরপর দীর্ঘ সময় ধরে তাঁরা ইশতিয়াকের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি। নিহতের মা খাদিজা আক্তার অভিযোগ করেন, তাঁর ছেলের বিরুদ্ধে মাদক উদ্ধারের যে দাবি করা হয়েছে, তা সত্য নয়। তিনি বলেন, তাঁর ছেলে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিল এবং পরে হাসপাতাল থেকে মৃত্যুর খবর আসে। তবে ডিবি পুলিশের দাবি, ইশতিয়াককে মাদকসহ আটক করা হয়েছিল এবং রাতভর তাঁর সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয়। ডিবির ওসি মো. আলমগীর হোসেন বলেন, ভোরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, পুলিশের হেফাজতে কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত করা হবে। এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ ও পুলিশের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় তদন্তের ফলাফলের দিকেই এখন সবার নজর।
মন্তব্য:০