শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৯ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।| |ক্রেডিট : ইন্টারনেট

ঢাকার যানজট কমাতে বড় উদ্যোগ, অটোরিকশার জন্য আসছে পৃথক নীতিমালা

রাজধানীর ক্রমবর্ধমান যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজায় ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে টোল আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে। এ ব্যবস্থার জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ উন্নয়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে গুরুত্ব যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিয়েও বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়। এ সমস্যা নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগে যে প্রতিবেদন তৈরি করেছিল, সেটি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। কেরানীগঞ্জে যাবে ফুলবাড়িয়া টার্মিনাল রাজধানীর কেন্দ্রীয় এলাকায় গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ একটি দীর্ঘমেয়াদি প্রকল্প হওয়ায় এর আগেই অস্থায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, ফুলবাড়িয়া থেকে টার্মিনাল সরিয়ে নেওয়া হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে। সম্প্রসারিত হবে গাবতলী টার্মিনাল গণপরিবহনের ধারণক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করতে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। যানজট কমাতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে আরও বিকল্প পার্কিং স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীতে অটোরিকশা চলাচলকে নিয়মের মধ্যে আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের তথ্য।





মন্তব্য