১৩ মে, ২০২৬
আন্তর্জাতিক › খেলাধুলা:

চিত্র:সিরিজে এগিয়ে টাইগাররা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
ঢাকা টেস্টের শেষ দিনে যেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন নাহিদ রানা। তরুণ এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে একসময় ভালো অবস্থানেই ছিল পাকিস্তান। শেষ সেশনে তাদের প্রয়োজন ছিল ১৫২ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু সেই সমীকরণ মুহূর্তেই বদলে দেন নাহিদ রানা। দুর্দান্ত সুইং ও রিভার্স সুইংয়ে পাকিস্তানের মধ্যক্রম গুঁড়িয়ে দেন তিনি। শান মাসুদ, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন এই ডানহাতি পেসার। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে ৪০ রানে ৫ উইকেট নেন নাহিদ। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়। তখনও দিনের ২৩ ওভার খেলা বাকি ছিল। এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি। ম্যাচ শেষে শান্ত বলেন, বোলারদের ওপর তার পূর্ণ আস্থা ছিল বলেই আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য নির্ধারণ করেছিলেন। বাংলাদেশের জয়ে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাসকিন শুরুতেই ইমাম-উল-হকের উইকেট তুলে নেন, আর তাইজুল ফেরান হাফসেঞ্চুরিয়ান আব্দুল্লাহ ফজলকে। এই জয়ের ফলে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে সিলেটে।
মন্তব্য:০