৯ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী পাঠানোর সংখ্যা আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং রাশিয়া এতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কাজ করছেন। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও বিস্তৃত হবে। পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন। রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে। বৈঠকে দুই দেশই স্বীকার করে যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় কম। এ সময় তৈরি পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশি রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কৃষি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে রাশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলে সম্মতি পাওয়া গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল মস্কো সফর করে এবং সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য:০