২৯ জুন, ২০২৬
অন্যান্য › স্বদেশ

চিত্র:একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব ও নির্মাতা মুস্তাফা মনোয়ার| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব ও নির্মাতা মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে। জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান তার ছেলে সাদাত মনোয়ার। তিনি বলেন, আজ মরদেহ বাসায় রাখা হবে। আগামীকাল জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করতে চায় পরিবার। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য এই শিল্পী। পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ১৯৩৫ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বিশেষ করে বাংলাদেশে পাপেট বা পুতুলনাচকে জনপ্রিয় ও শিল্পমানসম্পন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান অনন্য। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গুণগ্রাহীরা এই গুণী শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
মন্তব্য:০