শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় ঢাকা

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের মধ্যে আলোচনা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারিত্ব এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের উন্নয়নকে আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। বিশেষ করে পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্যের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। তিনি বলেন, দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ বা সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা গেলে এসব খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমের মান ও স্থায়িত্বও আরও উন্নত করা সম্ভব হবে। জনগণকেন্দ্রিক সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শহর ও পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন তিনি। মন্ত্রীর মতে, দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সেবার সঙ্গে এই মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি যুক্ত। এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথাও জানান তিনি। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীও বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকার খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। পানি, পরিবেশ, জ্বালানি ও কৃষি অবকাঠামোর মতো খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।





মন্তব্য