৪ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রথম আলো কার্যালয়, ঢাকা; ৪ জুলাই ২০২৬ ।| |ক্রেডিট : শুভ্র কান্তি দাশ
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আরও কার্যকর ও বহুমাত্রিক করতে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় প্রচলিত বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা কমে আসায় মধ্যম শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নতুন সহযোগিতা কাঠামোর প্রয়োজন রয়েছে। শনিবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেন) আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ বক্তব্য দেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে দেশের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্রও তৈরি করা হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ বহুপক্ষীয় কূটনীতিতে বিশ্বাসী। এ কারণে ব্রিকস, আসিয়ান, এসসিও এবং আরসিইপির মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটে সদস্য হওয়ার বিষয়ে সরকার আগ্রহী। এসব জোটে যুক্ত হলে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সরকার বিদেশি ঋণ ও সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার পরিবর্তে উৎপাদনমুখী সরাসরি বিনিয়োগ, শিল্পায়ন এবং মুক্তবাণিজ্য চুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ‘টু প্লাস টু’সহ বিভিন্ন কৌশলগত উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক অংশীদারত্ব আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করাও সময়ের দাবি। আলোচনায় শিক্ষক ও গবেষক আসিফ বিন আলীর সঞ্চালনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান), সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সহযোগী অধ্যাপক ওবায়দুল হক এবং ব্রেনের নির্বাহী পরিচালক সফিকুর রহমান বক্তব্য দেন। সূত্র: প্রথম আলো।
মন্তব্য:০