শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৯ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:দুর্যোগে নির্ভরতার আরেক নাম বিজিবি| |ক্রেডিট : ইন্টারনেট

বন্যাকবলিত বান্দরবানে ত্রাণ বিতরণ, শতাধিক পর্যটককে উদ্ধার করল বিজিবি

অবিরাম বৃষ্টিপাত ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার একাধিক নিম্নাঞ্চল। এতে কয়েকশ মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে খাদ্য সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি দুর্গম পর্যটন এলাকা থেকে শতাধিক পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকা। বন্যার পানিতে প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় খাদ্য ও প্রয়োজনীয় নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে। ত্রাণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেনও উপস্থিত ছিলেন। অন্যদিকে বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় অবস্থানরত দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি। উদ্ধার অভিযানের ফলে পর্যটকদের সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। বিজিবি বলেছে, সীমান্ত পাহারার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত দায়িত্বের অংশ। অতীতের ধারাবাহিকতায় এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)





মন্তব্য