১৮ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বন্যা-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণবিষয়ক মতবিনিময় সভা| |ক্রেডিট : ইন্টারনেট
বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দুর্যোগের সময়ে পৃথকভাবে কাজ না করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বন্যা-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণকে সামনে রেখে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের সময় কে কত কাজ করল, তা নিয়ে প্রতিযোগিতা করার সুযোগ নেই। বরং সব প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করে মানুষের দুর্ভোগ কমাতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, সমন্বয়ের অভাবে সেবার মান ব্যাহত হয়। তাই মাঠপর্যায়ে কোনো ধরনের যোগাযোগ ঘাটতি রাখা যাবে না এবং প্রতিটি সিদ্ধান্ত সমন্বয়ের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন ও স্বল্পমেয়াদি প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোরও আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া অর্থ সময়মতো ব্যয় না করে ফেরত দেওয়া কোনো অর্জন নয়। বরং এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ সরকারের সেবার সুফল থেকে বঞ্চিত হন। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সাম্প্রতিক বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতির চিত্র, চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
মন্তব্য:০