শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৭ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে কথা বলেন রাষ্ট্রপতি।| |ক্রেডিট : পিআইডি

বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক, রাষ্ট্রপতির গোপনীয়তা রক্ষার নির্দেশ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের আগেই দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয়ের কথা জানান। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ আয়োজনে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বিভিন্ন দিকনির্দেশনাও দেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দলীয় ও সংসদীয় দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি। এখন তাঁর কাছে দলীয় স্বার্থের কোনো বিষয় থাকবে না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদে থেকে কারও প্রতি ব্যক্তিগত রাগ কিংবা অনুরাগ প্রদর্শনের সুযোগ নেই। যেকোনো পরিস্থিতিতে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি দেশের প্রতি আনুগত্য অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। নিজ নিজ দায়িত্বকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার জন্য তাঁদের নির্দেশ দেন তিনি। বঙ্গভবনের ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্বের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন দেশের রাষ্ট্রীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি বঙ্গভবনের অভ্যন্তরীণ কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষার নির্দেশ দেন। এসব তথ্যের কোনো অনাকাঙ্ক্ষিত প্রকাশ যেন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় অর্থ ও সম্পদের ব্যবহার নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকারি সম্পদ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার পেছনে জনগণের অর্থ ব্যয় হয়। তাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় এড়িয়ে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দেন মির্জা ফখরুল। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক মনোবল দৃঢ় করার পাশাপাশি সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও উল্লেখ করেন। এ ছাড়া পূর্বে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সব ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। বঙ্গভবনের কর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, এখানে কর্মরত সবাই একটি পরিবারের সদস্যের মতো। একই জায়গায় কাজ করার কারণে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, সুযোগ ও সময় অনুযায়ী তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন সমস্যা বোঝার এবং সমাধানের চেষ্টা করবেন। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের কার্যক্রমে শৃঙ্খলা, সততা, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার অন্যতম প্রধান উপায়। সূত্র: রাষ্ট্রপতির বক্তব্য ও বঙ্গভবন সূত্র।





মন্তব্য