২৬ মে, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:ফুটবল বিশ্বকাপে ইরানের যোগ দেওয়ার ফাইল ছবি| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
আসন্ন ফুটবল বিশ্বকাপ চলাকালে ইরান জাতীয় ফুটবল দলকে মেক্সিকোতে বেজক্যাম্প স্থাপনের অনুমতি দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় মেক্সিকো প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ইরান দলের মেক্সিকোতে অবস্থান নিয়ে তাদের সরকারের কোনো আপত্তি নেই। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন দেশটির দলকে টুর্নামেন্ট চলাকালে নিজ ভূখণ্ডে থাকার অনুমতি দিতে রাজি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই পরিস্থিতিতে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা চায়। পরে মেক্সিকো সীমান্তবর্তী শহর টিজুয়ানাকে ইরানের বেজক্যাম্প হিসেবে নির্ধারণ করা হয়। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ জানান, মূলত ভিসা জটিলতা এড়াতেই অ্যারিজোনার পরিবর্তে টিজুয়ানাকে বেছে নেওয়া হয়েছে। সেখান থেকে দলটি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে বেলজিয়াম এবং শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে। সূত্র: রয়টার্স
মন্তব্য:০