১৩ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:শপিংমল| |ক্রেডিট : ইন্টারনেট
বিদ্যুৎ সাশ্রয়কে অগ্রাধিকার দিয়ে শপিংমল, মার্কেট, দোকানপাট, মেলা এবং আলোকসজ্জা পরিচালনায় নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে কার্যকর হওয়া এ নির্দেশনায় মার্কেট ও দোকানপাটের ব্যবসায়িক সময় রাত ৯টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার এক বার্তায় জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে দেশের যেকোনো বাণিজ্য মেলা, সাধারণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১১ জুন বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার সেই সময়সীমা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে জনস্বার্থে প্রয়োজনীয় সেবাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি চিকিৎসা ও ওষুধসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আগের নিয়মেই পরিচালিত হবে। সংশ্লিষ্টদের মতে, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমানো, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুৎ বিভাগ সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন, প্রতিষ্ঠান এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্তব্য:০