১১ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা| |ক্রেডিট : ইন্টারনেট
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এতে বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণ ধসে পড়েছে ১৯০টি ভবন। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দুর্গত এলাকায় ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানীয় পানি সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রায় ২৯ হাজার ৯৬৬ জন আহত ও অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতদের জন্য প্রশাসন ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে। একই সঙ্গে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হিসাবে বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এদিকে মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ১৭১টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
মন্তব্য:০