১৬ মে, ২০২৬
আন্তর্জাতিক › সামরিক

চিত্র:বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ সিমুলেটর সরবরাহ করেছে পাকিস্তান| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানের পূর্ণাঙ্গ সিমুলেটর সরবরাহ করেছে পাকিস্তান। সামরিক পর্যবেক্ষকদের ধারণা, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে যুদ্ধবিমান সক্ষমতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এর পরপরই সিমুলেটর হস্তান্তরের খবর সামনে আসে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধবিমান পরিচালনায় শুধু বিমান কেনাই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ পাইলট, প্রযুক্তিগত জনবল ও সমন্বিত প্রশিক্ষণ ব্যবস্থা। এই ধরনের সিমুলেটর সেই প্রস্তুতিকে অনেক সহজ করে দেয়। সূত্রগুলো বলছে, জেএফ-১৭ ব্লক-৩ সিমুলেটর ব্যবহার করে পাইলটরা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করতে পারবেন। একই সঙ্গে বিমান বাহিনীর প্রযুক্তিগত সদস্যরাও বিমানের অভ্যন্তরীণ সিস্টেম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যে এ ধরনের প্রশিক্ষণ প্ল্যাটফর্ম সরবরাহ অনেক সময় মূল সামরিক চুক্তির পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়। ফলে বাংলাদেশ ভবিষ্যতে এই যুদ্ধবিমান সংগ্রহের পথে এগোতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাদের মতে, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক অঙ্গনেও নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য ও কৌশলগত জোটের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য:০