৫ জুলাই, ২০২৬
স্বদেশ › কূটনৈতিক:

চিত্র:সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত
বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, নিরাপদ পানি সরবরাহ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে জাইকার অবদান উল্লেখযোগ্য। আগামী দিনে দুই পক্ষের সহযোগিতা আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রোববার (৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বর্জ্য ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, টেকসই নগরায়ণ এবং উন্নত জনসেবা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনমুখী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অপরিহার্য। জাইকার কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা এবং উন্নয়ন সহায়তা বাংলাদেশের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই বৈঠক দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে আরও সুসংহত করার পাশাপাশি স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রকল্প ও অংশীদারত্বের সুযোগ সৃষ্টি করবে।
মন্তব্য:০