শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১১ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:দুর্যোগের মধ্যেও মানবিক দায়িত্বে বিজিবি ত্রাণ পেল ক্ষতিগ্রস্ত জনগণ| |ক্রেডিট : ইন্টারনেট

বান্দরবানে বন্যাদুর্গতদের উদ্ধার ও আশ্রয়ে বিজিবি, ১২২ পরিবার পেল মানবিক সহায়তা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বান্দরবানের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়ার পর দুর্গত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের জন্য আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা করেছে বাহিনীটি। বিজিবি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়। বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে বিজিবির সদস্যরা মঙ্গলবার রাত থেকেই দুর্গত এলাকায় পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়। উদ্ধারের পাশাপাশি দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, রান্নার উপকরণ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক পরিবার নিরাপদ আশ্রয় ছেড়ে বের হতে বাধ্য হয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে। সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)





মন্তব্য