শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৬ জুলাই, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ| |ক্রেডিট : ইন্টারনেট

'অটো পাস' সংস্কৃতিতে আর ফিরবে না শিক্ষা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়ভাবে মেধাভিত্তিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার মান পুনরুদ্ধার এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতের ‘অটো পাস’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে শিক্ষা ব্যবস্থাকে স্থায়ীভাবে বের করে আনতে সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো দাবি বা অপসংস্কৃতিকে সরকার প্রশ্রয় দেবে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের নামে যে আন্দোলন হয়েছে, তার পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি মহল কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপযুক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে প্রকৃত পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের যেসব ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে, সেগুলোকে 'ডিইনফরমেশন' বা অপপ্রচার বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেস ব্রিফিংয়ে বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতিও তুলে ধরেন তিনি। জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার আসামিও রয়েছেন। ইউএই সরকারের অনুরোধের পর তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় আইনি নথি পাঠানো হয়েছে এবং ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সেখানেও আটক আসামিদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের নথি গায়েব, চিকিৎসায় বাধা ও লাশ গুমের কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণে জটিলতা তৈরি হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ বলা হলেও সরকারের ধারণা এ সংখ্যা ২ হাজারের বেশি। ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এতে সরকারি তালিকা আরও সমৃদ্ধ হবে। তিনি জানান, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষাকাল বিবেচনায় আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের পর ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





মন্তব্য