১০ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক| |ক্রেডিট : ইন্টারনেট
বিনিয়োগ সহজীকরণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) এবং আমদানি নীতি আদেশ (২০২৬-২০২৯)। সরকারের মতে, এসব উদ্যোগ ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে। নতুন বিনিয়োগ আইনের আওতায় বিডা, বেজা ও পিপিপি কর্তৃপক্ষের কার্যক্রম একীভূত করে একটি কেন্দ্রীয় বিনিয়োগ সংস্থা গঠন করা হবে। ফলে উদ্যোক্তারা একটি ডিজিটাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকেই লাইসেন্স, নিবন্ধন ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে অব্যবহৃত সরকারি জমি ও স্থাপনার উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করার সুযোগও সৃষ্টি হবে। নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের এক-পঞ্চমাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহ এবং অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, স্মার্ট গ্রিড, ভাসমান সৌরবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি একটি বিশেষ তহবিল গঠন এবং দক্ষ জনবল তৈরিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। নতুন আমদানি নীতি আদেশে ব্যবসায়ীদের জন্য এলসির বাইরে বিকল্প লেনদেন পদ্ধতি চালুর সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিনা মূল্যে কাঁচামাল আমদানি, মুক্ত বাণিজ্য অঞ্চল ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠার বিধান সংযোজন করা হয়েছে। প্রবাসীদের জন্য মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ কীটনাশক আমদানিতে নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারের আশা, এসব নীতিগত পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও শক্তিশালী হবে। সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ
মন্তব্য:০