২৬ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।| |ক্রেডিট : সংগৃহীত
অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসাসেবা ব্যাহত হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেবে। অর্থের সংকটে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হোক—সরকার তা কখনো হতে দেবে না। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। তাই তিনি জনগণের কথা শুনতে এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে তাদের কাছে এসেছেন। সাধারণ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, দলের একনিষ্ঠ কর্মীরা দীর্ঘদিন ধরে নানা ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মীসংখ্যা বাড়াতে হবে। তবে দলে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিএনপি একক কোনো গোষ্ঠীর দল নয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি আরও শক্তিশালী হবে। মন্ত্রী দলের নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়িত্বশীলতা ও সহনশীলতা বজায় রাখা জরুরি। শিক্ষার সুযোগ থেকে দরিদ্র পরিবারের শিশুদের বঞ্চিত না করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, গ্রাম-গঞ্জে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে, যাদের সন্তানরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না কিংবা নিয়মিত স্কুলে যেতে পারছে না। স্থানীয় নেতাকর্মীদের এসব শিশু ও পরিবারকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার সুযোগ নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে। চিকিৎসার বিষয়ে তিনি আরও বলেন, অসুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসাসেবার জন্যও সরকার সহযোগিতা করবে। কোনো নাগরিক যেন আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পারেন, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: সমাজকল্যাণ মন্ত্রণালয়; অনুষ্ঠানে দেওয়া সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য।
মন্তব্য:০