শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান দ্রুত সম্প্রসারিত হচ্ছে *** সিরামিক শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান *** বিশ্বমঞ্চে প্রথমবারেই চমক, নিউক্লিয়ার অলিম্পিয়াডে চীনের ৪ পদক *** ইরান সংকটের প্রেক্ষাপটে নতুন প্রতিরক্ষা বলয়, সৌদি-তুরস্ক-পাকিস্তানের কৌশলগত জোট ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


৩ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সোমবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাত ।| |ক্রেডিট : ইন্টারনেট

অভিবাসী কর্মীদের অধিকার ও নতুন শ্রমবাজারে জোর, আইওএমের সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রমবাজারে নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। সোমবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় গুরুত্ব পায়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে আইওএমের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিখাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে আইওএমের কারিগরি ও নীতিগত সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা কার্যক্রম এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং জলবায়ুজনিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইওএমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তায় আইওএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সংকটের স্থায়ী সমাধানে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় উদ্যোগ প্রয়োজন। আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি এবং বৈশ্বিক পর্যায়ে নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে দেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকের শেষে উভয় পক্ষ নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অভিবাসীদের অধিকার সংরক্ষণ এবং মানবিক ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন। সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।





মন্তব্য