২০ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল| |ক্রেডিট : ইন্টারনেট
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় বিস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খানকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত অন্য পলাতক ব্যক্তিদের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিকরা জানতে চান, ২০২৫ সালের ২৬ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সম্প্রতি ট্রাইব্যুনালের উদ্যোগে আবারও চিঠি পাঠানো হয়েছে কি না। জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আইনে আসাদুজ্জামান খানের বিচার চলমান। তিনি যেহেতু পলাতক আসামি, তাই তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক পদক্ষেপই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার বরাবরই প্রত্যর্পণ চুক্তি, আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল এবং প্রচলিত আইনি কাঠামো অনুসরণ করে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার নীতি অনুসরণ করছে। একই প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিঠিটি কবে পাঠানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং সেটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের বিষয়েই। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নেবে এবং কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যেসব আসামি পলাতক রয়েছেন এবং যাদের বিরুদ্ধে বিচার বা সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনের আওতায় বিচার কার্যকর করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য।
মন্তব্য:০