৮ জুন, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

চিত্র:আজভ সাগরে পাঁচ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট
আজভ সাগর ও রাশিয়া নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকায় অবস্থানরত পাঁচটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। কিয়েভের ভাষ্য অনুযায়ী, এসব জাহাজ ইউক্রেনীয় শস্য ও অন্যান্য পণ্য অবৈধভাবে পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রভদি জানান, মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দরের কাছে রুশ-নিয়ন্ত্রিত এলাকায় থাকা পাঁচটি জাহাজকে লক্ষ্য করে রাতভর অভিযান পরিচালনা করা হয়। তার দাবি, আক্রান্ত জাহাজগুলোর মধ্যে পণ্যবাহী জাহাজ ও জ্বালানি ট্যাংকার ছিল, যেগুলো সামরিক সরঞ্জাম, জ্বালানি এবং ইউক্রেনীয় শস্য পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। ব্রভদির অভিযোগ, কিছু জাহাজ নিজেদের পরিচয় গোপন করতে নাম মুছে ফেলেছিল এবং শনাক্তকরণ এড়াতে রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। এদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি জাহাজে থাকা তাদের পাঁচ নাগরিক নিহত হয়েছেন। তবে এ ঘটনার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করা হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি আজারবাইজানের মালিকানাধীন নয়। অন্যদিকে ইউক্রেন নিশ্চিত করেছে, রোমানিয়া উপকূলের কাছে তাদের একটি নৌ-ড্রোন বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। একই সময়ে সেন্ট পিটার্সবার্গে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুতিন।
মন্তব্য:০