৩১ অক্টোবর, ২০২১
অস্ট্রেলিয়া › সিডনি

চিত্র:regional| |ক্রেডিট : internet
গত ১৮ অক্টোবর থেকে সিডনির বাসিন্দারা সিডনির মধ্যে যে স্বাধীনতা ভোগ করছেন, সেই স্বাধীনতা এবার আরেকধাপ এগিয়ে গেলো। আজ থেকে পুরোপুরি টিকা নেয়াদের জন্য খুলে গেলো রিজিওনাল এলাকার দুয়ার। সিডনির দুই ডোজ টিকা নেয়া বাসিন্দারা যেতে পারবেন রিজিওনাল নিউ সাউথ ওয়েলসের যে কোনো জায়গায়। আর রিজিওনাল এলাকা থেকেও যে কেউ আসতে পারবেন সিডনিতে। পাশাপাশি শিথিল করে দেয়া হয়েছে ভিক্টোরিয়ার সাথে নিউ সাউথ ওয়েলসের সীমান্ত বাধ্যবাধকতাও। এখন থেকে নিউ সাউথ ওয়েলসে যেসব ভিক্টোরিয়ান আসতে চাচ্ছেন তাদের আর ১৪ দিনের কোয়ারেন্টাইন লাগছে না। গতকাল নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডোমিনিক পেরোটে বলেন , অন্যান্য বাধ্যবাধকতাগুলোও দ্রুতই তুলে নেয়া হবে। আগামী ১ ডিসেম্বর থেকে যারা টিকা দিতে পারেননি তাদের জন্যও বাধ্যবাধকতা তুলে নেয়ার কথা রয়েছে। নিউ সাউথ ওয়েলসের ওয়ার্কার শর্টেজ নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান। রিজিওনালে ঘুরতে যাওয়া যাবে বলে যারা এতদিন প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য সুখবরের পাশাপাশি রয়েছে একটি প্রতিযোগীতার খবরও। কারন যারা আগে থেকে বুকিং দিয়ে রেখেছেন তারা ছাড়া অন্যদের বিভিন্ন এলাকায় যাওয়া কঠিন হয়ে যাবে। বেশিরভাগ ভ্রমন স্পটে কেবল ক্রিসমাসই নয়, আগামী ইস্টার পর্যন্ত বিভিন্ন হোটেল -মোটেল ইত্যাদি বুকিং হয়ে গেছে। ফলে সারাক্ষন খোঁজখবর রাখলে পেয়েও যেতে পারেন কাঙ্খিত এলাকার বুকিং।
মন্তব্য:০