৩ আগস্ট, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহী অঞ্চলের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ।| |ক্রেডিট : ইন্টারনেট
দেশে আইনের শাসন সুসংহত করা এবং টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহী অঞ্চলের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ রেগুলেশন বেঙ্গল (পিআরবি) এবং প্রচলিত আইন অনুসারেই বাহিনী পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অযৌক্তিক রাজনৈতিক নির্দেশনা বা প্রভাব প্রয়োগ করা হচ্ছে না। এর ফলে পুলিশের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আরও সুসংহত হচ্ছে। তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। গত কয়েক মাসে পুলিশের প্রতি জনআস্থা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি দাবি করেন। সাহসিকতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি দিতে পুরস্কার ও জবাবদিহির নীতি কার্যকর করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো পুলিশ সদস্যদের সনদ, পদোন্নতিতে মূল্যায়ন, আইজিপি পদক এবং আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। অন্যদিকে শৃঙ্খলাভঙ্গ বা অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাহিদার কথা উল্লেখ করে তিনি জানান, আধুনিক অপরাধ দমনে দেশের প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন সাইবার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধের ধরন বিবেচনায় জেলা পর্যায়েও পর্যায়ক্রমে সাইবার ল্যাব গড়ে তোলা হবে। একই সঙ্গে সিআইডির বিভাগীয় ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। নারী পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি বিভাগীয় পুলিশ হাসপাতালে বিশেষায়িত স্ত্রীরোগ (গাইনিকোলজি) ইউনিট চালুর নির্দেশনার কথাও জানান তিনি। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের যৌথ ব্যবহারের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণে খাসজমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, রাজনৈতিক পরিবর্তনের পর কেস ডকেট সংরক্ষণ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় পুলিশ হেফাজতে কেস ডকেট রাখার ব্যবস্থা চালু হয়েছে। পাশাপাশি আদালত এলাকায় সংরক্ষণাগার, জিআরও কক্ষ, আধুনিক হাজতখানা ও মালখানা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে শতাধিক মডেল থানা ভবন নির্মাণের উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইনবহির্ভূত ‘মব কালচার’ কোনোভাবেই সহ্য করা হবে না। তবে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ এবং সংঘবদ্ধ সহিংসতা এক বিষয় নয়। বেআইনি জিম্মি বা মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরে এক সংবাদ ব্রিফিংয়ে সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমদের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ জামিন পেয়েছেন। চূড়ান্ত শর্ত জানতে জামিনের প্রত্যয়িত অনুলিপি চাওয়া হয়েছে। সরকার ইতোমধ্যে সেখানে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে এবং জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী বলেও জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য:০