২০ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বন্যার আশঙ্কা| |ক্রেডিট : ইন্টারনেট
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে বন্যা তথ্যকেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হালদা নদীর পানি কিছুটা কমেছে এবং মাতামুহুরী নদীর পানি প্রায় স্থিতিশীল রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে বৃদ্ধি আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
মন্তব্য:০