১৫ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বাংলাদেশের আবাসন খাত, নগর উন্নয়ন এবং ভূমিকম্প নিরাপত্তা জোরদারে সহযোগিতা যুক্তরাষ্ট্রের।| |ক্রেডিট : ইন্টারনেট
বাংলাদেশের আবাসন খাত, নগর উন্নয়ন এবং ভূমিকম্প-নিরাপত্তা জোরদারে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জাতীয় বিল্ডিং কোডের উন্নয়ন, সাশ্রয়ী আবাসন ব্যবস্থা, পরিকল্পিত নগরায়ণ, পাবলিক প্লেস ও পার্কের উন্নয়ন এবং আবাসন খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আবাসন খাতে প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিইএসআরআই)’ প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং পাবলিক ডিপ্লোমেসি শাখার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্তব্য:০