১২ জুন, ২০২৬
অন্যান্য › আন্তর্জাতিক:

চিত্র:রাজকুমারী বজরাকিতিয়াভা| |ক্রেডিট : ইন্টারনেট
থাইল্যান্ডের রাজপরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাজকুমারী বজরাকিতিয়াভা আর নেই। ২০২২ সালের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে কোমায় যাওয়ার পর দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় ৪৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত কয়েক বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। চিকিৎসা সূত্রে জানা যায়, হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতার কারণে তিনি আকস্মিকভাবে অচেতন হয়ে পড়েন। পরে সেই জটিলতা গুরুতর আকার ধারণ করলে তিনি দীর্ঘমেয়াদি কোমায় চলে যান। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণকারী বজরাকিতিয়াভা ছিলেন রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষা ও পেশাগত জীবনে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। জাতিসংঘে কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থাইল্যান্ডের বিচারব্যবস্থা ও আইনি কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে রাজপরিবার এক অভিজ্ঞ ও শিক্ষিত সদস্যকে হারাল, যার ভূমিকা ভবিষ্যতে দেশটির রাজকীয় ও জনজীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত। সূত্র: বিবিসি
মন্তব্য:০