২৩ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:বাংলাদেশ পুলিশ| |ক্রেডিট : ইন্টারনেট
জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি সানা শামীনুর রহমান এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ফয়সল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশের সুলতানা নাজমা হোসেন ও বিধান ত্রিপুরা, নৌ পুলিশের জেসমিন বেগম, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর মোহাম্মদ তবারক উল্লাহ, এপিবিএনের সহেলী ফেরদৌস, পুলিশ টেলিকমের হাসিনা রহমান এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোছা. ফরিদা ইয়াসমিন। এছাড়া টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানও এ তালিকায় রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছরের ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ওই তালিকায় ছিলেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি)। এরও আগে ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
মন্তব্য:০