১২ জুলাই, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:রোববার( ১২জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম উপসর্গের নিয়মিত প্রতিবেদন| |ক্রেডিট : ইন্টারনেট
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার পাশাপাশি ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। রোববার (১২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া আরও একজন মারা গেছেন। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৮ জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ৯০ জন শনাক্ত হওয়ায় দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০০। একই সঙ্গে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদন।
মন্তব্য:০