শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে অভ্যর্থনা জানাচ্ছেন।| |ক্রেডিট : ইন্টারনেট

১৭ বছর পর সিরিয়ায় জাতিসংঘ মহাসচিব, গুতেরেসের সফরে কূটনৈতিক গুরুত্ব

দীর্ঘ ১৭ বছর পর সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৫ জুলাই) সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তাকে স্বাগত জানান। প্রায় দেড় দশকেরও বেশি সময় পর কোনো জাতিসংঘ মহাসচিবের এই সফরকে সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করছেন। এর মধ্যবর্তী সময়ে দেশটি ১৪ বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকটের মধ্য দিয়ে গেছে। সফরকালে গুতেরেস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন। ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা আল-শারা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একসময় তিনি নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন এবং গত বছর পর্যন্ত তার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সেই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের এই সফর নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পাশাপাশি গুতেরেস দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, মানবিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত গোলান মালভূমি সফর করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনডিওএফের কার্যক্রম পরিদর্শনেরও কথা রয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই সফর সংঘাত-পরবর্তী পুনর্গঠন, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। যদিও সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে গুতেরেস কয়েক দিন সিরিয়ায় অবস্থান করবেন এবং আগামী সোমবার দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেন। ওই সফরের সময় দামেস্কে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিরিয়ার কর্তৃপক্ষ জানায়, হামলায় জড়িত চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তারা আইএসআইএসের সঙ্গে সম্পৃক্ত। সূত্র: এনডিটিভি, আল জাজিরা।





মন্তব্য