২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক › আন্তর্জাতিক

চিত্র:বাংলাদেশ দল| |ক্রেডিট : ইন্টারনেট
ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়েছে। স্বাগতিক বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে এই গ্রুপকে তুলনামূলক সহজ মনে করা হলেও নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে গ্রুপে নতুন সমীকরণ তৈরি হতে পারে। শনিবার অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। ২০২৩ সালের আসরেও ভারত ও পাকিস্তান একই গ্রুপে ছিল। সে সময় ভারত ৪-০ গোলের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল। নেপালের ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকায় দেশটিকে এবার ড্রয়ের বাইরে রাখা হয়েছে। তবে সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে এবং তখন তারা বাংলাদেশের গ্রুপে খেলবে। আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের লড়াই। ১৭ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে দুই সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টের সব ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এর আগে তিনবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। ২০০৩ সালে নিজেদের মাটিতে প্রথম ও একমাত্র শিরোপা জয়ের গৌরব অর্জন করে লাল-সবুজের দল। এরপর ২০০৯ ও ২০১৮ সালেও বাংলাদেশ আয়োজকের দায়িত্ব পালন করে। সর্বশেষ ২০২৩ সালের আসরে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। সাফের ইতিহাসে ভারত সবচেয়ে সফল দল হিসেবে নয়টি শিরোপা জিতেছে। মালদ্বীপ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে শিরোপা নিজেদের ঘরে তুলেছে। এবার স্বাগতিক হিসেবে বাংলাদেশ আবারও শিরোপার লড়াইয়ে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সূত্র: সাফ।
মন্তব্য:০