২৬ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:দেশে হামের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি।| |ক্রেডিট : ইন্টারনেট
দেশে হামের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬৯ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় ১০৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০২ জনে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে দেশে মোট ৯৭ হাজার ৫২২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে যোগ হয়েছেন ৮৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ এক দিনে ১০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪৯ জনে। হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১ হাজার ২৮৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য:০